তিন দিন পর সেন্ট মার্টিনে গেল পাঁচ জাহাজ, ফিরবেন আটকে পড়া পর্যটকেরা
তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক।
আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে পর্যায়ক্রমে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা সাড়ে তিনটায় সেন্ট মার্টিনে আটকে থাকা আট শতাধিক পর্যটক নিয়ে দ্বীপটি থেকে পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এসব জাহাজ।
ঘূর্ণিঝড় ‘আকভান’–এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে আটকে পড়েন। পরে অন্তত ৬৮০ জন ১৬টি কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন। তবে আটকে পড়েন আরও প্রায় আট শতাধিক পর্যটক।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে ছেড়ে যাওয়া পাঁচটি জাহাজে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্ট মার্টিনে গিয়েছেন।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় আজ সকাল থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন সাগরপথে জাহাজ চালুর নির্দেশনা দেওয়া হয়।
আটকে পড়া পর্যটকদের স্বস্তি
এদিকে জাহাজ চলাচল শুরু হওয়ায় আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। তিনি বলেন, তিন দিন ধরে ফেরার আকুতি জানিয়ে আসছিলেন পর্যটকেরা। এখন জাহাজ চলাচল শুরু হওয়ায় তাঁরা খুশি।
আটকে পড়া পর্যটকদের কয়েকজন মুঠোফোনে জানান, হঠাৎ জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই অর্থ সংকটে পড়তে হয়েছে। এর মধ্যেই দ্বীপের রেস্টুরেন্টগুলোতে খাবারের বাড়তি দাম রাখা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তিন দিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফ থেকে বোতলজাত পানিসহ অনেক নিত্যপণ্য আনা সম্ভব হয়নি। মাছেরও সংকটে দেখা দেয়। এর প্রভাবে খাবারের দাম কিছুটা বেড়েছে।
দ্বীপের পশ্চিম সৈকতের সিটিবি রিসোর্টের ১২টি কক্ষে অবস্থান করছেন আটকে পড়া ২০ জন পর্যটক। গত শুক্রবার থেকে প্রতিটি কক্ষের ভাড়া অর্ধেক করা হয়েছে জানিয়ে রিসোর্টটির একজন কর্মী।
ঢাকার কেরানীগঞ্জ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়েন গোলাম মাওলা নামের এক ব্যক্তি। পেশায় ব্যবসায়ী গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘এক রাতের জন্য ১৭ নভেম্বর কক্সবাজার থেকে জাহাজে করে সেন্ট মার্টিন এসেছিলাম। সঙ্গে স্ত্রী ও দুই ছেলেমেয়ে। ঘূর্ণিঝড়ের সময় দ্বীপে আটকে পড়ে আতঙ্কের মধ্যে দিন কেটেছে। তবে আজ সকাল থেকে সূর্যের দেখা মেলায় ভালো লাগছে।’