কাশিমপুরের কারাগারে হাজতির মৃত্যু, এক বছর পর ময়নাতদন্তে জানা গেল হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া এক বন্দীর মৃত্যুর প্রায় এক বছর পর ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেল, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মদ বাদী হয়ে ৭ জুলাই মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনাস্থল দেখানো হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর।

নিহত ওই বন্দীর নাম গোলাম মোস্তফা (৩১)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বন্দী ছিলেন। বন্দী নম্বর ৫০৪৫-এ।

পুলিশের করা মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া গোলাম মোস্তফাকে ২০২১ সালের ১১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কোনাবাড়ী থানার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে বন্দী অবস্থায় ২০২২ সালের ৭ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে কারাগার থেকে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে মর্গে পাঠান। নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে এক দিন পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। তখন কারা কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে গাজীপুর মহানগরের সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করে। ওই সময় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার কামরুজ্জামান।

পুলিশ জানায়, ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদনে লেখেন, আত্মহত্যার জন্য যেসব নমুনা থাকার কথা, তা নেই। এ ছাড়া নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করেন। সেই সময় হাইসিকিউরিটি কারাগারের সুপারের দায়িত্বে ছিলেন আবদুল জলিল। তিনি বর্তমানে রাজশাহী কারাগারের দায়িত্বে আছেন বলে জানা গেছে।

বাদী এজাহারে উল্লেখ করেন মৃত গোলাম মোস্তফার ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ময়নাতদন্তকারী চিকিৎসক মো. শাফি মোহাইমেন মৃত্যুর কারণ সংক্রান্তে মতামত দিয়েছেন যে গোলাম মোস্তফার মৃত্যু আত্মহত্যায় হয়নি। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সাবেক জেল সুপার আবদুল জলিলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। বর্তমান জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা প্রথম আলোকে বলেন, ‘যে সময় ওই আসামির মৃত্যু হয়, তখন আমি এখানে দায়িত্বে ছিলাম না। তবে কারাগারের ভেতরে কাউকে বা কোনো আসামিকে হত্যা করার মতো কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। এ কারাগারের বন্দীরা সব সময় বিশেষ নজরদারিতে থাকেন। তবে বিভিন্ন সময় হতাশা থেকে বন্দীরা আত্মহত্যার চেষ্টা করেন, অনেকে আত্মহত্যা করেছেনও।’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। এখন মামলার তদন্তের কাজ চলছে।