মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ জব্দ ট্রলার ও গ্রেপ্তার ১০ জন। আজ দুপুরে টেকনাফের কেরুনতলী ঘাটেছবি: কোস্টগার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১০ ব্যক্তিকে। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।

গ্রেপ্তার ১০ জন কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ বলেন, সাগরে ৫৮ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের সেন্ট মার্টিন উপকূলের গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু ট্রলারটিতে থাকা লোকজন দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। ট্রলারে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ১০ পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আজ সকালে ট্রলারটি টেকনাফ স্থলবন্দর–সংলগ্ন কোস্টগার্ডের জেটিঘাটে নিয়ে আসা হয়। ট্রলারটি থেকে উদ্ধার করা সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।