নির্বাচনে অংশ না নিতে চাইলে ধরেবেঁধে আনার সুযোগ নেই: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু কেউ যদি শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের তো ধরেবেঁধে নিয়ে আসার সুযোগ নেই।’

বুধবার রাতে চাঁদপুর সার্কিট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন নির্বাচনের সময় আইন ও নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে মন্তব্য করে দীপু মনি বলেন, নির্বাচন যদি সঠিকভাবে হয়, বাংলাদেশের মানুষ সব সময় সেখানে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। কোনো একটি বা দুটি দল, হতে পারে সেগুলো বড় দল, তারা যদি যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, জনগণ সেই দলের মতামতকে খুব একটা প্রাধান্য দেয় না।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে কয়েকটি বড় নির্বাচনে আমরা দেখেছি, জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটি–দুটি বড় দল অংশ নেয়নি। তবে ভালো নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনে নির্বাচন করার যোগ্য এমন সব দল অংশগ্রহণ করবে এবং ভালো নির্বাচন হবে। যদি কোনো দল না আসে, সেটি তাদের রাজনৈতিক অধিকার।’

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।