চবি ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ঝুপড়ি’র নির্বাচন

সভাপতি তানিয়া কালাম, সাধারণ সম্পাদক এরশাদ করিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ঝুপড়ি’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের তানিয়া কালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের মোহাম্মদ এরশাদ করিম।

সংগঠনের ৭১ সদস্যের মধ্যে ৬৪ জন অনলাইন ও সরাসরি ভোট দেন। ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। নবনির্বাচিত সভাপতি তানিয়া কালাম বলেন, বন্ধুদের এই প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে নতুন কমিটি।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ১৩ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন রাজীব বিশ্বাস, অনিক বড়ুয়া, মোহাম্মদ ইদ্রিস, সাকিয়া সুলতানা, বেলায়েত হোসেন, শফিউল আজম, মহুয়া মহাজন, মোহাম্মদ আলমগীর খান, এনামুল হক, মো. ঈসমাইল ও জয়িতা মজুমদার।

চবি ৩৫তম ব্যাচের বন্ধুদের সংগঠন ঝুপড়ি আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালে যাত্রা শুরু করে।