কুলাউড়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেললাইনের ওপর দুটি গাছ ভেঙে পড়ে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ছকাপন ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত কুলাউড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী হয়। এতে ছকাপন ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী দুটি স্থানে দুটি বড় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে যায়। এদিকে ঝড়ের পর রাত ১২টার দিকে জ্বালানি তেলবাহী একটি ট্রেন কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়। আর সিলেট রেলস্টেশন থেকে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তেলবাহী ট্রেনটি ছকাপন স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির চালক রেললাইনে গাছ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি মুঠোফোনে কুলাউড়া স্টেশনের কর্মকর্তাদের জানান। আর সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস বরমচাল স্টেশনে পৌঁছালে ট্রেনটি আটকে রাখা হয়। কুলাউড়া স্টেশন থেকে একদল রেলকর্মী ট্রলিতে করে ঘটনাস্থলে গিয়ে দুটি গাছ কেটে রেললাইন থেকে সরান। পরে দিবাগত রাত দুইটার দিকে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ শুক্রবার দুপুরে কুলাউড়া রেলস্টেশনের সহকারী মাস্টার রোমান আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কালবৈশাখীতে রেললাইনের ওপর দুটি গাছ পড়ে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।