সাঙ্গু নদে প্রবল স্রোতে ডুবল নৌকা, ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচির তিন্দু ঘাটফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ১৩ জন পর্যটকের একটি দলের সঙ্গে বান্দরবানের আলীকদম হয়ে গতকাল তিনি তিন্দু এলাকায় যান।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে গতকাল ঘটনাস্থলে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের থানচি স্টেশনের সদস্যরা। তবে নিখোঁজ ব্যক্তিকে তাঁরা খুঁজে পাননি। তাই সাঙ্গু নদে তল্লাশি চালানোর জন্য চট্টগ্রামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরি দলের কয়েকজন সদস্য চট্টগ্রাম থেকে থানচির উদ্দেশে রওনা দিয়েছেন।

থানচির স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, মাহিয়ানসহ ১৩ জনের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে তিন্দুতে পৌঁছান। এরপর বিকেল পাঁচটার দিকে তাঁরা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ঘুরতে যান। এ সময় খরস্রোতা সাঙ্গুর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা অন্য পর্যটকেরা কূলে উঠতে পারলেও মাহিয়ান ভেসে গিয়ে নিখোঁজ হন।

থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান আজ সকাল ৯টায় প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ পর্যটককে খুঁজে না পেয়ে চট্টগ্রামের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবুরি দলের সদস্যরা এলে এলাকাটিতে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইড নিয়ে ওই পর্যটকেরা আলীকদম থেকে তিন্দুতে গিয়েছেন। থানচি হয়ে না যাওয়ায় তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তিন্দুতে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় সার্বক্ষণিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।