ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের পোস্টার। সিলেট নগরের চৌহাট্টা থেকে তোলা
ছবি: প্রথম আলো

সিলেটের ছয়টি সংসদীয় আসনের বাসিন্দাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড, ফেস্টুন সাঁটিয়েছেন স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ২৫ নেতা-কর্মী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। এ তালিকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতারা আছেন।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের, বাকি একজন গণফোরামের। তাঁদের অধিকাংশের কর্মী-সমর্থকেরা ঈদের শুভেচ্ছা জানিয়ে এলাকায় ফেস্টুন, বিলবোর্ড সাঁটিয়েছেন। এর বাইরে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী অনেক নেতার অনুসারীরা তাঁদের নেতাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চান উল্লেখ করে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি ও জামায়াতের অনেক নেতার সমর্থনে ঈদের শুভেচ্ছা জানানো হলেও সেসব প্রচারণায় সংসদ নির্বাচনের কোনো প্রসঙ্গ উল্লেখ নেই। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও জামায়াতের জেলা পর্যায়ের দুজন নেতা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দল দুটি নির্বাচনে অংশ নেবে না। তারা এ দাবিতে আন্দোলন করছে। আবার কোনো কারণে নির্বাচনে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে যেন দ্রুত মাঠ গোছাতে তাঁদের সমস্যায় পড়তে না হয়, সে জন্য ভেতরে–ভেতরে প্রস্তুতিও আছে। এরই অংশ হিসেবে জনমুখী থাকতেই ঈদের শুভেচ্ছা-সংবলিত বিলবোর্ড, ফেস্টুন নেতা-কর্মীরা সাঁটিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার মোড় ও বিভিন্ন দর্শনীয় স্থানে সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার বিলবোর্ড সাঁটানো হয়েছে। এ ছাড়া বিপণিবিতানের সামনে, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটক ও বিদ্যুতের খুঁটিতে টাঙানো হয়েছে ফেস্টুন। কোনো কোনো বিলবোর্ড-ফেস্টুনে ভোটারদের অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা নিজেদের সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিয়েছেন। আবার কেউ কেউ সম্ভাব্য প্রার্থী হিসেবে বিলবোর্ড-ফেস্টুনেও নিজেদের উপস্থাপন না করলেও এলাকার ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন।

সামনেই জাতীয় সংসদ নির্বাচন। মানুষও এখন নির্বাচনমুখী। তাই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে, এটাই স্বাভাবিক।
শফিকুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগ

সিলেট-১ (নগর ও সদর) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দাদের ঈদ শুভেচ্ছা জানিয়ে একাধিক বিলবোর্ড-ফেস্টুন সাঁটিয়েছেন। বিগত বছরগুলোতে ঈদের শুভেচ্ছাসংবলিত তাঁর এমন বিলবোর্ড-ফেস্টুন চোখে না পড়ায় এবারের শুভেচ্ছা জানানোর বিষয়টি মূলত নির্বাচন সামনে রেখেই করা হয়েছে বলে স্থানীয় অনেক ভোটার মনে করছেন। এ ছাড়া একই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কর্মী-সমর্থকেরাও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড, ফেস্টুন সাঁটিয়েছেন।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল গনিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান জানিয়ে দলের স্থানীয় নেতা-কর্মীরা ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন সাঁটিয়েছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার কর্মী-সমর্থকেরা তাঁদের নেত্রীর নামে ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন সাঁটিয়েছেন। তবে এখানে গণফোরাম থেকে গত নির্বাচনে বিজয়ী মোকাব্বির খানের ঈদ শুভেচ্ছাসংবলিত কোনো ফেস্টুন দেখা যায়নি।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একাধিক তোরণ সাঁটিয়েছেন। এর বাইরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জানিয়ে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন সাঁটিয়েছেন। এই সংসদীয় আসনের নাগরিকদের ঈদ শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির লোকমান আহমদের কর্মী-সমর্থকেরাও ফেস্টুন লাগিয়েছেন। এ ছাড়া সিলেট-৩ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান আতিককে প্রার্থী হিসেবে দেখতে চান জানিয়ে তাঁর সমর্থকেরা একাধিক বিলবোর্ড সাঁটিয়েছেন। আরিফ আহমদ আবদুল্লাহ নামের এক আইনজীবী ফেস্টুন সাঁটিয়ে সিলেট-১ ও সিলেট-৩ আসনের বাসিন্দাদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোনো পাতানো নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন নিয়ে বিএনপি ও সাধারণ জনগণের কোনো আগ্রহ নেই।
আবদুল কাইয়ুম চৌধুরী, সভাপতি, সিলেট জেলা বিএনপি

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সমর্থনে তাঁর কর্মী-সমর্থকেরা ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে ফেস্টুন সাঁটিয়েছেন। এ আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও সদস্য গোলাপ মিয়া এবং সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলমকে (রোমেল) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উল্লেখ করে ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন, ব্যানার সাঁটানো হয়েছে। এ ছাড়া সিলেট-৪ আসনে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের সমর্থকেরা ঈদ শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন সাঁটিয়েছেন। সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মু. জয়নাল আবেদীনের ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুনও এ আসনের বিভিন্ন এলাকায় সাঁটানো আছে।

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের ঈদ শুভেচ্ছাসংবলিত ফেস্টুন দেখা যায়নি। তবে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ তাঁর অনুসারীদের সঙ্গে ঈদ উপলক্ষে এখানে একাধিক মতবিনিময়ে অংশ নেন। এ আসনে সিলেট জেলা উত্তর জামায়াতের আমির আনোয়ার হোসেন খানের ঈদ শুভেচ্ছাসংবলিত ফেস্টুন সাঁটানো আছে।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগদলীয় বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুসারীরা ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন সাঁটিয়েছেন। এ ছাড়া কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের অনুসারীরা তাঁকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উল্লেখ করে ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন ও ব্যানার সাঁটিয়েছেন। লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসর খান সাদেককেও মনোনয়নপ্রত্যাশী উল্লেখ করে তাঁর পক্ষে ঈদের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন সাঁটানো আছে। এ ছাড়া সিলেট-৬ আসনে জেলা বিএনপির সদস্য ও বিগত নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ফয়সল আহমদ চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছাসংবলিত ফেস্টুন দেখা না গেলেও তাঁরা এলাকায় অনুসারীদের নিয়ে ঈদ উপলক্ষে একাধিক মতবিনিময় করেছেন। এ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মু. সেলিম উদ্দিনের (বর্তমানে জেলে) অনুসারীরা ঈদ শুভেচ্ছাসংবলিত ফেস্টুন সাঁটিয়েছেন। এ ছাড়া গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান আবুল কালামও নিজেকে মনোনয়নপ্রত্যাশী উল্লেখ করে ঈদ শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন সাঁটিয়েছেন।

যোগাযোগ করলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, সামনেই জাতীয় সংসদ নির্বাচন। মানুষও এখন নির্বাচনমুখী। তাই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে, এটাই স্বাভাবিক। ঈদ উপলক্ষে অনেক মনোনয়নপ্রত্যাশী তাই শুভেচ্ছাসংবলিত ফেস্টুন, তোরণ, ব্যানার সাঁটিয়েছেন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোনো পাতানো নির্বাচনে অংশ নেবে না। তাই বিএনপি এখন বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে আন্দোলন করছে। ফলে নির্বাচন নিয়ে বিএনপি ও সাধারণ জনগণের কোনো আগ্রহ নেই। মূলত নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং তার মিত্রদলগুলোই মাঠে তৎপর।