বন্যাদুর্গত বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণে যুবদল সভাপতি

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালীতে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নাছবি: যুবদলের সৌজন্যে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ করেছেন। আজ রোববার তিনি দুই উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায়, যুবদল সভাপতি নিজে কাঁধে করে ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন বন্যাদুর্গতের কাছে।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যাদুর্গতের খোঁজ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা ছুটে এসেছি। বাঁশখালীতে পানি বাড়ছে। বুকসমান পানি। লোক দেখানোর জন্য নয়, মানুষের পাশে সত্যিকারের অর্থে দাঁড়িয়েছি আমরা। দেশের মানুষের পাশে যেকোনো দুর্যোগে যুবদল এগিয়ে থাকে। এবারের বন্যায়ও যুবদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা মাঠে রয়েছেন। মেডিক্যাল দলও এসেছে। দুই উপজেলায় যুবদল সভাপতি প্রায় এক হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্থানীয় নেতাদের ত্রাণ বিতরণ অব্যাহত আছে।’

ত্রাণ বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহাফুজুর রহমান, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফেরদৌস মুন্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহাজান, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি হাসান জসিমসহ নগর, জেলা ও উপজেলা যুবদলের নেতারা।