মানব পাচারবিষয়ক সভায় তথ্য
বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা
বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা রয়েছে। পাচারের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে; কারণ সামাজিক ভয় ও লোকলজ্জার কারণে অনেকে তা লুকিয়ে রাখেন।
সোমবার খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত মানব পাচারবিষয়ক অবহিতকরণ সভায় গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়।
‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, প্রতারণামূলক বিয়ে, চাকরির প্রলোভন এবং আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে নারীদের পাচারের ফাঁদে ফেলা হচ্ছে। এ কাজে পাচারকারী চক্র ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষার সীমিত সুযোগ ও লিঙ্গবৈষম্যকে মানব পাচারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে গবেষণায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারীদের চীনে পাচারের ঘটনা উদ্বেগজনক। এ অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা আপস-মীমাংসা করে ফেলেন। এতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের ব্যক্তিগত ও আবেগঘন পোস্টও পাচারকারীদের আকৃষ্ট করতে পারে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, নারীনেত্রী নমিতা চাকমা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা ও নারী কারবারি অঞ্জলি ত্রিপুরা।
গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অ্যান্ড ইভাল্যুশন কর্মকর্তা স্মৃতি রঞ্জন ধামাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমপাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান।