প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন ‘লন্ডনপ্রবাসী’ হুমায়ুন কবির

হুমায়ুন কবিরছবি: সংগৃহীত

বিএনপি নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। যুক্তরাজ্যপ্রবাসী এই নেতা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। এর আগে তিনি লন্ডনে অবস্থান করে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগের কাজ করে প্রশংসিত হন।

গতকাল মঙ্গলবার রাতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে হুমায়ুন কবিরও আছেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে উপদেষ্টা নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে হুমায়ুন কবিরকে প্রথম আলোর এ প্রতিবেদক একাধিকবার কল করলেও সাড়া না দেওয়ায় উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, হুমায়ুন কবিরের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবেই তিনি যুক্তরাজ্যে প্রবাসী হন। তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক এই উপদেষ্টা গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক–বিষয়ক) হন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। তবে দল এ আসনে ‘গুমের শিকার’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দিয়েছিল। তাহসিনা রুশদীর বিপুল ভোটে পাস করেছেন।

একই সূত্রের তথ্য অনুযায়ী, হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি লন্ডনে মেয়রের দপ্তরসহ ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সিলেট বিএনপির একাধিক নেতা বলেন, লন্ডনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠতা হয়। তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কাজের সহযোগী ছিলেন তিনি। বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগে হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মূলত এসব কারণেই তাঁকে এমন মূল্যায়ন করা হলো।