শর্টসার্কিট থেকে আগুন, ঘর থেকে বের হতে পারেননি বৃদ্ধ
লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মফিজ উল্যাহ (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে শামসুল ইসলাম নামের এক ব্যক্তির দোকান ও বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে একটি টিনশেড দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মৃত মফিজ লক্ষ্মীপুর পৌরসভার রাজীবপুর এলাকার বাসিন্দা। তবে তিনি বাঞ্চানগর এলাকায় তাঁর মেয়ের বাড়িতে থাকতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতঘরের সামনের অংশে দোকান ছিল। রাতে দোকান বন্ধ করে সবাই ঘুমাতে যান। রাত তিনটার দিকে হঠাৎ আগুন লেগে যায়। পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে সবাই ঘুম থেকে জেগে ওঠেন। আগুন ধীরে ধীরে বাড়তে থাকে। দ্রুত সবাই ঘর থেকে বের হন। কিন্তু বৃদ্ধ মফিজ ঘর থেকে বের হতে পারেননি। তিনি দগ্ধ হয়ে মারা যান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে থাকেন। হঠাৎ অগ্নিকাণ্ডে তাঁরা ঘুম থেকে জেগে যান। শ্বশুরকেও ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ঘর থেকে বের হতে পারেননি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘর থেকে বের হতে না পারায় মফিজ উল্যাহ দগ্ধ হয়ে মারা যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।