শ্যামনগরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার আসামি হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক (৬৯), একই ইউনিয়নের শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী (৭২), মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি এম মহিউদ্দিন (৬৯) এবং একই ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত জোহর আলী গাজীর ছেলে মো. ফজর আলী গাজী (৭১)।
জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ১০ জনের নামে আজ থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মামলা সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৫ অক্টোবর বাদী চন্দনা রানী মণ্ডলের বাবা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী চুনো নদীর পাড়ে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। পরে তাঁকে ধরে নিয়ে গিয়ে বাবার লাশের ওপর শুইয়ে দেওয়া হয়।
বাদী চন্দনা রানী মণ্ডল বলেন, এ ঘটনায় ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন তিনি। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করেন। ইতিমধ্যে মামলার আসামি মুন্সিগঞ্জ গ্যারেজ মোড় এলাকার মুনসুর সরদার মারা গেছেন।