জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার ও ৩ নেতাকে অব্যাহতি দেওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংগঠনের সাবেক নেতা-কর্মীদের একটি মতবিনিময় সভা উপলক্ষে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া বাজারে একটি দোকানে খাবার খাচ্ছিলেন শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদসহ কয়েকজন নেতা-কর্মী। হঠাৎ মাস্ক পরা কয়েকজন দেশীয় অস্ত্রসহ ওয়াসিম আহমেদের ওপর হামলার চেষ্টা করেন। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ওয়াসিম আহমেদসহ তাঁর নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে শহীদ রফিক জব্বার হলসংলগ্ন চত্বরে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বাজারসংলগ্ন ফটকের পাশে শাখা ছাত্রদল থেকে সদ্য বহিষ্কার হওয়া বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ কয়েকজনকে অবস্থান নিতে দেখা যায়।
কিছুক্ষণ পর ইকবাল হোসেনসহ ওই ব্যক্তিরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার দিকে চলে যান। এরপর সদস্যসচিব ওয়াসীম আহমেদের সঙ্গে থাকা নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হল ও পরিবহন চত্বর ঘুরে আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ছাত্রদলের নেতা-কর্মী জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে বহিরাগতরা ওয়াসিম আহমেদের ওপর হামলার চেষ্টা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইকবাল হোসেন। তিনি বলেন, ‘আমরা গেরুয়া বাজারে আগে থেকেই অবস্থান করছিলাম। হঠাৎ হট্টগোল শুনে ঘটনাস্থলে এগিয়ে যাই। আমরা কারও ওপর হামলার চেষ্টা করিনি।’
এর আগে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা দুটি আলাদা বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইকবাল হোসেনসহ শাখা ছাত্রদলের ছয়জনকে বহিষ্কার ও তিনজনকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ওয়াসিম আহমেদ বলেন, ‘আমরা গেরুয়া বাজারে খাবার খাওয়ার সময় মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁরা ছাত্রলীগ হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে আমরা কারও মুখ দেখতে পাইনি। এই ঘটনার কিছুক্ষণ পর কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা ধরে পুলিশে সোপর্দ করেছে। এ জন্য আমরা ধারণা করছি আমাদের ওপর হামলা করার চেষ্টা ছাত্রলীগই করেছে। তবে আমরা তা প্রতিহত করে ক্যাম্পাসের ভেতরে চলে আসি।’