নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণে ধসে পড়া শত বছরের পুরোনো সেই দোতলা ভবন খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ভেঙে ফেলার পরের দিন আজ বৃহস্পতিবার দিনভর ধ্বংসস্তূপের নিচ থেকে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাল, বুটসহ দুই ট্রাক নিত্যপণ্য। সকাল থেকেই আর কে দাস রোডের সেই ভেঙে ফেলা ভবনের ময়লা–আবর্জনার ভেতর থেকে মালামাল বের করা শুরু হয়।
নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা জানান, দ্বিতীয় দিনের মতো ভেঙে ফেলা ভবনের ধ্বংসস্তূপ খননযন্ত্র দিয়ে সরিয়ে আরও দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। ভবন ভাঙার দিন এক ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছিল। তিনি বলেন, বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের পানি দেওয়ায় এবং ভবনের ধ্বংসস্তূপের কারণে তিনটি প্রতিষ্ঠান শ্রী মা রাজলক্ষ্মী ভান্ডার ও গরিবে নেওয়াজের মালামাল সব নষ্ট হয়ে গেছে। ওই ঘটনায় ব্যবসায়ীদের দেড় থেকে পৌনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভেঙে ফেলা ভবনের ধ্বংসাবশেষ ইট, সুরকি, লোহা, কাঠ প্রকাশ্যে নিলামে ৯ লাখ ২ হাজার টাকায় রনি নামের এক ব্যক্তি কিনেছিলেন। ৫০ হাজার টাকা জামানতও দেন তিনি। পরবর্তী সময়ে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে আজ দুপুরে আবারও এই মালামাল প্রকাশ্যে দ্বিতীয় নিলাম ডাকা হয়। এতে ৪ লাখ ২৮ হাজার টাকায় রবিন হোসেন নামের এক ব্যক্তি ভবনের মালামাল নেন।
এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব আবুল হোসেন প্রথম আলোকে বলেন, নিলামের শতার্বলি হচ্ছে ভবনের ধ্বংসাবশেষ ইট, সুরকি, লোহা, কাঠসহ তারা দ্রুত অপসারণ করে নিয়ে যাবে। জায়গাটি জনগণের নিরাপদে চলাচলের দ্রুত উন্মুক্ত করে দিতে হবে। প্রথমবার নিলামে অংশ নেওয়া ব্যক্তির ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
গত শনিবার সকালে শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরোনো দোতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের প্রাণ যায়। আহত হন আরও ৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই গদিঘরের মালিক, কর্মচারী, শ্রমিক।
বিস্ফোরণের ঘটনার পঞ্চম দিনেও কোনো মামলা হয়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ না দিলে মামলা হবে কীভাবে?