নালিতাবাড়ীতে বাগ্বিতণ্ডার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ীতে বাগ্বিতণ্ডার জেরে আলবার্ট দাওয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল দিবাগত রাতে একটি মামলা হলে আলবার্ট দাওয়ার শ্যালক উৎসব মারাককে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আলবার্ট দাওয়া উপজেলার হাতিবান্দা গ্রামের মজিন্দ্র মারাকের ছেলে। গতকাল দিবাগত রাতে একটার দিকে নিহত আলবার্টের স্ত্রী শোভা মারাক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। গ্রেপ্তার উৎসব মারাক ওই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাংসারিক বিভিন্ন বিষয়ে আলবার্টের সঙ্গে উৎসবের বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় তাঁরা দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পরিবারের লোকজন দাবি করেছেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে উৎসবের পরিবারকে নিয়ে আলবার্ট গালি দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উৎসব একটি বাঁশের লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করেন। এতে আলবার্ট গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আলবার্টের স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই উৎসব মারাককে পুলিশ আটক করে। এ ঘটনায় গতকাল দিবাগত রাত একটার দিকে নিহত আলবার্টের স্ত্রী শোভা মারাক বাদী হয়ে মামলা করলে উৎসবকে গ্রেপ্তার দেখানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনিন বলেন, বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনার সময় দুজনে মদ্যপ ছিলেন বলে পরিবারের লোকজন দাবি করছেন। হত্যাকাণ্ডের পর উৎসব অপরাধ স্বীকার করতে থানার দিকে গেলে পুলিশ তাঁকে আটক করে। আজ সোমবার অভিযুক্ত উৎসবকে আদালতে পাঠানো হবে।