গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা–ছেলের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুপ্রতীকী ছবি

সকালে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মা। তাঁর সঙ্গে থাকা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়। আজ শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার মিতি রানী দাস (৩৫) ও তাঁর ছেলে রুদ্র দাস (৩)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, মিতি রানী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।