চট্টগ্রামে শতাধিক নেতা-কর্মী নিয়ে ‘বিশ্রামাগারে’ নিষিদ্ধ ছাত্রলীগের সভা

সভায় উপস্থিত নেতা–কর্মী। গতকাল বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাঁদের পেছনে একটি ব্যানার টাঙানো। এতে লেখা রয়েছে—‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা-কর্মী বসে ছিলেন।

সভায় বক্তব্য রাখছেন একজন। গতকাল বিকেলে তোলা
ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেছে।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভায় যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।