সাভারে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় পঞ্চাশোর্ধ বয়সের মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর ছেলের করা মামলায় দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামির নাম মিল্টন জোয়ার্দার (৩১)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর এলাকায়। তিনি আমিনবাজারে শ্রমিকের কাজ করতেন। পলাতক আসামির নাম মো. তুহিন (৩১)। তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য পায়নি পুলিশ।
সাভার মডেল থানা–পুলিশ জানায়, বুধবার রাতে আমিনবাজার বাসস্ট্যান্ডের পাশে একটি পলিথিনের ঝুপড়িতে ঘুমাচ্ছিলেন পঞ্চাশোর্ধ বয়সের ওই নারী। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন ওই নারী। রাত তিনটার দিকে সেখানে গিয়ে দুই যুবক তাঁকে ধর্ষণ করেন। পথচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হন।
ভোরের দিকে আমিনবাজারের তুরাগ নদের পার থেকে মিল্টন জোয়ার্দারকে আটক করা হয়। বৃহস্পতিবার এ ঘটনায় ওই নারীর ছেলে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মিল্টনকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রথম আলোকে বলেন, আসামি মিল্টনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আগামী রোববার রিমান্ডের আবেদনের শুনানি হবে। আদলতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।