নির্বাচনবিরোধী প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য পুলিশের আছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুর নগরীর বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় মাঠে থাকবে।
ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, কেউ যদি ভোটারদের কেন্দ্রে যেতে বা কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন রংপুর মেসে রংপুর বিভাগের সব ইউনিটের পুলিশ কর্মকর্তারদের সঙ্গে কথা বলেন।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।