মানিকগঞ্জের ঘিওর
অপরিকল্পিত বাঁধ–রাস্তা, কৃষকের সর্বনাশ
পাঁচটি গ্রামের কৃষিজমিতে কোথাও কোমর, কোথাও হাঁটুসমান পানি। কিছু কিছু জমিতে পড়ে আছে ভুট্টা ও কাঁচা মরিচের মরা গাছ।
খালটি দিয়ে একসময় পাঁচটি গ্রামের কৃষিজমির পানি প্রবাহিত হতো। সেই খালের একটি জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে বাঁধ, পাশেই আরেক জায়গায় নির্মাণ করা হয়েছে মাটির সড়ক। বন্ধ হয়ে পড়েছে পানিপ্রবাহ। এতে প্রায় দুই হাজার বিঘা কৃষিজমিতে বছরের বেশির ভাগ সময় জমে থাকছে বর্ষা ও বৃষ্টির পানি। বছরের অধিকাংশ সময় জমিতে চাষাবাদ করতে পারছেন না চার শতাধিক কৃষক।
কৃত্রিম এ জলাবদ্ধতার কারণে ১০ বছর ধরে ভুগতে হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাশাইলসহ আশপাশের পাঁচটি গ্রামের কৃষকদের। প্রতিবছরই মারাত্মক লোকসানে পড়ছেন তাঁরা। গত ৭ মে খাল থেকে বাঁধ অপসারণ ও রাস্তায় খালের মুখে সেতু নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগী কৃষকেরা। কিন্তু এখন পর্যন্ত খালটি সচল করার কোনো উদ্যোগ নেই।
স্থানীয় কৃষক নূর ইসলাম বলেন, তিন ভাই মিলে মাশাইল গ্রামে তাঁদের ৪০ বিঘা কৃষিজমি রয়েছে। এসব জমিতে একসময় পেঁয়াজ, কাঁচা মরিচ, ভুট্টা ও ধানের ভালো ফলন পাওয়া যেত। খালে পানিপ্রবাহ বন্ধ থাকায় বছরের অধিকাংশ সময় জমিগুলো জলাবদ্ধ থাকে। আবাদ করার সময় পাওয়া যায় সর্বোচ্চ চার মাস। ফলে সঠিক সময়ে কখনো আবাদ করা যায় না। অনেক সময় খরচও উঠে আসে না।
সরেজমিনে দেখা যায়, নালী ইউনিয়নের মাশাইল গ্রামে চান মিয়া নামের এক ব্যক্তি খালের মাঝামাঝি অংশে বাঁধ দিয়ে একাংশে বসতবাড়ি নির্মাণ করেছেন। পাশেই মাশাইল গ্রাম থেকে দিয়াইল গ্রামে যাতায়াতে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তাটির খালের অংশে পানিপ্রবাহের কোনো ব্যবস্থা রাখা হয়নি। অপরিকল্পিত এ রাস্তার কারণে খালটিতে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ। পাঁচটি গ্রামের কৃষিজমিতে কোথাও কোমর, কোথাও হাঁটুসমান পানি। কিছু কিছু জমিতে ভুট্টা ও কাঁচা মরিচের মরা গাছ দেখা যায়।
মাশাইল গ্রামের কৃষক মঞ্জুর হোসেন, নূর ইসলাম, নিমতা গ্রামের হামিদুল হক, দিয়াইল গ্রামের শাহজাহান বিশ্বাসসহ অন্তত ১৫ জন কৃষকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, মাশাইল, নালী ও দিয়াইল গ্রামের ভেতর দিয়ে কাঁচা রাস্তা নির্মাণ করা হলেও শুরুর দিকে খালের পানিপ্রবাহ তেমন বাধাগ্রস্ত হয়নি। তখন রাস্তার খালের অংশটুকুতে বাঁশ ও কাঠনির্মিত সাঁকো বসানো হয়। এই সাঁকো দিয়ে এলাকাবাসী ও ছোট যানবাহন চলাচল করত। প্রায় ১০ বছর আগে সাঁকোটি ভেঙে যায়। পরে সেখানে মাটি ফেলে ভরাট করা হয়। পুরোপুরি আটকে দেওয়া হয় পানিপ্রবাহ। এর পর থেকে এসব গ্রামের কৃষিজমিতে জলাবদ্ধতা চরম আকার ধারণ করে।
নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আসলাম হোসেন ও মাশাইল গ্রামের কৃষক বাবুল সরকার বলেন, মাশাইল, নালী, দিয়াইল, গাংডুবি, নিমতা—এই পাঁচ গ্রামের প্রায় দুই হাজার বিঘা কৃষিজমি রয়েছে। বর্ষাকালে এসব গ্রামের পানি এই খাল দিয়ে বের হয়ে পাশের কান্তাবতী নদীতে গিয়ে পড়ে। প্রায় এক যুগ আগে ইউপির সাবেক সদস্য মাশাইল গ্রামের চান মিয়া খালের বেশ কিছু অংশে বাঁধ দেওয়ায় পানিপ্রবাহ অনেকটা বাধাগ্রস্ত হয়। পরবর্তী সময়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করায় খালে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
নালী ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, প্রায় ১৫ বছর আগে খালে পানিপ্রবাহের ব্যবস্থা না করে রাস্তা নির্মাণ এবং খালের বেশ কিছু অংশ দখল হওয়ায় ওই সব গ্রামে চাষাবাদ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। একটি কালভার্ট নির্মাণ করে খালটি অবমুক্ত করা গেলে এখানকার কৃষি ও কৃষকের উন্নয়ন হবে।
খালে বাঁধ দিয়ে বাড়ি নির্মাণের বিষয়ে বক্তব্য জানতে চান মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। ইউএনও হামিদুর রহমান জানান, পাঁচটি গ্রামের কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে খাল অবমুক্ত এবং পানিপ্রবাহ বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে কালভার্ট নির্মাণ করে দেওয়া হবে।
গত জানুয়ারি মাসে তিন বিঘা জমিতে প্রায় ৬০ হাজার টাকা খরচ করে পেঁয়াজের বীজতলা তৈরি করেছিলেন কৃষক লাইস উদ্দিন। তখন বৃষ্টির পানি খাল দিয়ে বের হতে না পেরে পানি জমে বীজতলাটি নষ্ট হয়ে যায়। এমন অবস্থা আরও অনেক কৃষকের। তাঁদের একটাই দাবি, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কোনো পদক্ষেপ নিক প্রশাসন।