মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন যুবকের কারাদণ্ড
মাদক সেবনের দায়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন রানীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও দক্ষিণ বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন (৩৬), একই গ্রামের সালাউদ্দীন (৩০) ও রানীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়ার মাসুদ রানা (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইন্দ্রজিত সাহা বলেন, সাজা পাওয়া তিনজন মাদক সেবনের কথা শিকার করেছেন। তাই প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রানীশংকৈল উপজেলার লেহেম্বা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। পাটগাঁও গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ঘেঁষা দোকানে অভিযান চালানোর সময় পাশে পড়ে থাকা ১৮২টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশের গোয়েন্দা শাখা। পাশে মাঠে গাঁজা সেবনের সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে সাজা দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান সরকার বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। বিষয়টি ষড়যন্ত্র কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে মনোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।