ঝালকাঠির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্কুলছাত্রী (১২) ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. সাকিবকে (২২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে র‍্যাব অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার সকালে র‍্যাব–৮–এর সদর দপ্তর বরিশালের অধিনায়ক মাহমুদুল হাসান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

গ্রেপ্তার সাকিব উপজেলার বাসিন্দা। গত ৫ মে সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনার পরদিন সাকিবের বিরুদ্ধে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ওই ছাত্রীর বাবা।

সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান বলেন, ৫ মে সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার এক স্বজনের বাসায় যাচ্ছিল। এ সময় রাস্তা থেকে তুলে নিয়ে ওই ছাত্রীর মুখে গামছা বেঁধে স্থানীয় একটি বাগানের মধ্যে ধর্ষণ করে ফেলে রেখে যান সাকিব। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ৬ মে সকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার পর থেকে সাকিব পলাতক ছিলেন। পরে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে র‍্যাব-৮ ও র‍্যাব–১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পহলান বলেন, সাকিব নামে ধর্ষণ মামলার এক আসামিকে থানায় হস্তান্তর করা হয়। কাল বৃহস্পতিবার সকালে সাকিবকে ঝালকাঠির আদালতে পাঠানো হবে।