নিখোঁজের ২৮ দিন পর সাড়ে চার মাসের শিশুর লাশ মিলল বাড়ির সেপটিক ট্যাংকে

শিশুর লাশপ্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাড়ে চার মাস বয়সী এক শিশু ঘর থেকে নিখোঁজ হয় ৫ ফেব্রুয়ারি। ২৮ দিন পর আজ মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া গেছে। পুলিশ দুপুরে শিশুটির গলিত লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাম মো. আশরাফুল। তার বাবা শাহিন মিয়া কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক। তাঁরা কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামে বাস করেন। ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শিশুটি নিখোঁজ হয়। নানা জায়গায় খোঁজ করা হলেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে পুলিশকে জানানো হয়। আজ সকাল ১০টার দিকে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় শিশুটির মরদেহ পাওয়া যায়।

শিশুটির বাবা শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের পর নানা জায়গায় খোঁজ করা হয়েছে। পুলিশও চেষ্টা করেছে। আমার সন্তানকে কী কারণে এবং কারা ট্যাংকের ভেতর ফেলে হত্যা করবে, তা ধারণা করতে পারছি না।’

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালায় পুলিশ। এখন ঘটনার কারণ অনুসন্ধান ও অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।