কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ছয় নম্বর জেটিঘাট থেকে মহেশখালীর গোরকঘাটা জেটিঘাটের দূরত্ব আট কিলোমিটার। স্পিডবোটে এই পথ পাড়ি দিতে সময় লাগে মাত্র ১২-১৫ মিনিট। এ ক্ষেত্রে আগে মাথাপিছু ভাড়া নেওয়া হতো ৮৫ টাকা।
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে গতকাল শনিবার বিকেল থেকে ৩০ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরা। এটা নিয়ে এক চালকের সঙ্গে কয়েকজন যাত্রীর হাতাহাতির ঘটনাও ঘটছে।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায় হলেও নৌপথে পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। জীবনের ঝুঁকি নিয়ে এ নৌপথ পাড়ি দিতে হচ্ছে।
সাগরদ্বীপ উপজেলা মহেশখালীর লোকসংখ্যা প্রায় সাড়ে চার লাখ। প্রতিদিন অন্তত ১২ হাজার মানুষ কক্সবাজারে আসে। এ ছাড়া কক্সবাজার শহর থেকে দৈনিক পর্যটকসহ অন্তত ২০ হাজার মানুষ মহেশখালীতে যায়। যাত্রী পারাপারের জন্য এ নৌপথে রয়েছে ১৭০টি স্পিডবোট ও ৪০টির বেশি ড্যানিশ ও কাঠের বোট। গতকাল থেকে ড্যানিশ ও কাঠের বোটে ভাড়া ১০ টাকা বাড়িয়ে আদায় হচ্ছে ৪৫ টাকা করে।
মহেশখালীর সঙ্গে কক্সবাজারের যোগাযোগের একমাত্র মাধ্যম এ কক্সবাজার-মহেশখালী সাগর চ্যানেল। কিন্তু মহেশখালীর গোরকঘাটা ও কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাটে স্থায়ী জেটি নেই। গোরকঘাটা জেটি অচল হওয়ায় যাত্রীদের কাদা মাড়িয়ে ওঠানামা করতে হচ্ছে।
এতে ঝুঁকি ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় জেটির মাথায় নির্মাণ করা হয় ৫০ মিটার লম্বা কাঠের সাঁকো। ভাটার সময় বাঁকখালী নদীর পানি কমে যায়, তখন সাঁকোটিও কাজে আসে না। ফলে পন্টুন থেকে একাধিক নৌকা অতিক্রম করে ঝুঁকি নিয়ে স্পিডবোটে উঠতে হয় যাত্রীদের। এতে দুর্ভোগে পড়েন তাঁরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় শহরের ৬ নম্বর জেটিঘাটে গিয়ে দেখা গেছে, মহেশখালীতে যেতে সেখানে ভিড় জমিয়েছেন অনেকে। কাঠের জেটির শেষ অংশে বিআইডব্লিউটিএর একটি পন্টুন বসালেও যাত্রীরা ঝুঁকি নিয়ে স্পিডবোটে ওঠানামা করছেন। এ সময় যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ১১৫ টাকা করে নিয়ে স্পিডবোটে তোলা হচ্ছিল। ৯ জন যাত্রী নিয়ে মহেশখালীর উদ্দেশে স্পিডবোটটি ছেড়ে যায়।
স্পিডবোটে ওঠার পর ভাড়া ১১৫ টাকা করে আদায় হচ্ছে দেখে অবাক হন নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মনজুর ইলাহী (৪৫)। তিনি বলেন, এটা অস্বাভাবিক। জ্বালানি তেলের দাম বাড়লেও এই ভাড়া ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা যেত।
একে তো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, তার ওপরে দেওয়া হচ্ছে না লাইফজ্যাকেট—এসব কারণে ক্ষুব্ধ চট্টগ্রামের রাউজান থেকে আসা দীপক শর্মা (৫৫)। তিনি বলেন, ছয়জন ধারণক্ষমতার স্পিডবোটে নেওয়া হচ্ছে নয়জন করে। অধিকাংশ স্পিডবোট ত্রুটিযুক্ত। প্রায়ই সাগর চ্যানেলের মাঝপথে ইঞ্জিন বিকল হলে যাত্রীদের দুর্ঘটনায় পড়তে হবে।
আজ বেলা ১১টা পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা গেছে, বর্ধিত ভাড়া নিয়ে স্পিডবোটচালক ও যাত্রীদের মধ্যে একটু পরপরই তর্কাতর্কির ঘটনা ঘটছে। যদিও ভাড়া বাড়ানোর পর ঘাটে তালিকা টাঙানো হয়নি।
কয়েকজন যাত্রী অভিযোগ করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা পেয়ে গতকাল সকাল সাতটা থেকে স্পিডবোটের চালকেরা মাথাপিছু ১৪০ টাকা ভাড়া আদায় শুরু করেন। এটা নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে একটি স্পিডবোটের চালকের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর স্পিডবোটমালিকদের সঙ্গে বৈঠকে বসে মহেশখালী উপজেলা প্রশাসন। পরে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকেল থেকে ১১৫ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে স্পিডবোটচালক ও যাত্রীদের মধ্যে ঝামেলা চলছিল। পরে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে স্পিডবোটের ভাড়া মাথাপিছু ৩০ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং ড্যানিশ ও কাঠের বোটের ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত এ নিয়মে যাত্রী পারাপার চলবে। এর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।