কক্সবাজারে ইয়াবাসহ সাবেক সংসদ সদস্য বদির আত্মীয় গ্রেপ্তার
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নিকটাত্মীয়কে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার জেলার উখিয়া উপজেলার ইনানীতে এ ঘটনা ঘটে।
আজ শনিবার বেলা তিনটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড। বিজ্ঞপ্তিতে সই করেন কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাফেজ উল্লাহ (৬৩)। তিনি সম্পর্কে আবদুর রহমান বদির ফুফাতো বোনের স্বামী। এ ছাড়া তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এর আগেও তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। তিনি টেকনাফের সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি বাসে তল্লাশি করে হাফেজ উল্লাহকে গ্রেপ্তার করেছিল র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৫ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছিল। কয়েক মাস পর তিনি জামিনে জেল থেকে বের হয়েছেন। এরপর আবার মাদক কারবারে জড়িয়ে পড়েছেন।
কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ১০টার দিকে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে কোস্টগার্ড ইনানী স্টেশনের একটি বিশেষ দল মেরিন ড্রাইভ এলাকায় অভিযান শুরু করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন যাত্রী হাফেজ উল্লাহর কাছে থাকা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিকেলে ইয়াবাসহ গ্রেপ্তার হাফেজ উল্লাহকে উখিয়া থানায় হস্তান্তর করে মামলা করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার হাফিজ উল্লাহকে আজ শনিবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে মামলা হয়েছে। এর আগেও তিনি ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।