পাহারাদারকে বোকা বানিয়ে ফিলিং স্টেশন থেকে ট্রাক্টর চুরি
নাটোরে পাহারাদারকে বোকা বানিয়ে ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক্টর চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চক্র। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের দিঘাপতিয়ার উত্তরা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নাটোর সদর থানা ও উত্তরা ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, শহরের পিংকি কনস্ট্রাকশনের মালিকানাধীন একটি ট্রাক্টর গতকাল শুক্রবার রাতে উত্তরা ফিলিং স্টেশনে রাখা ছিল। ফিলিং স্টেশনটির পাহারাদার জামান আলী ট্রাক্টরটির পাশেই চেয়ারে বসেছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ঘুমানোর জন্য স্টেশনের একটি কক্ষে চলে যান। এরপর জ্যাকেট পরা এক তরুণ ট্রাক্টরটি চালু করেন। এ সময় পাহারাদার ওই তরুণকে প্রকৃত চালক মনে করে হাত উঁচিয়ে বিদায়ও জানান। ওই তরুণ ট্রাক্টরটি নিয়ে শহরের দিকে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাহারদার বুঝতে পারেন ওই যুবক প্রকৃত চালক নন।
এ ঘটনায় পিংকি কনস্ট্রাকশনের অংশীদার আজিজুর রহমান বাদী হয়ে আজ দুপুরে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
ফিলিং স্টেশনটির পাহারাদার জামান আলী বলেন, ‘ঘটনাটি ফজরের আজানের পরপরই ঘটেছে। তখন ঘন কুয়াশা ছিল। প্রকৃত চালকের জ্যাকেটের মতো একটা জ্যাকেট চোরের গায়েও ছিল। একই বয়সের ছিল ওই চোরটি। কুয়াশার কারণে প্রথমে আমি চোরকে চিনতে পারিনি। আমি হাত নেড়ে বিদায় দিলেও সে হাত না নাড়াতে আমার সন্দেহ হয়।’
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, পাহারাদারকে বোকা বানিয়ে ট্রাক্টরটি চুরি করা হয়েছে। ঘটনার সময় একজন চালকের আসনে বসলেও এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল। আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।