এলপিজির দাম কমার প্রভাব নেই বরিশালে, আগের দামেই বিক্রি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত সোমবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করলেও বরিশালের বাজারে দাম কমেনি। বরিশালে খুচরা বাজারে আগের দামেই বিক্রি করা হচ্ছে এলপিজি।
খুচরা বাজারের ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, পাইকারি বাজারে সিলিন্ডার গ্যাসের দাম না কমায় খুচরা বাজারের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। পাইকারি ব্যবসায়ীদের পুরোনো গ্যাসের মজুত শেষ না হওয়া পর্যন্ত নতুন দামে গ্যাস বিক্রির সম্ভাবনা কম।
গতকাল বুধবার বিকেলে নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নির্ধারিত দামে মিলছে না এলপিজি। ভোক্তা পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১ হাজার ৩০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকায়।
নগরের বটতলা বাজারের আকন স্টোরের মালিক মাহতাব হোসেন বলেন, ‘আমরা বেশি দামে কিনি, বিক্রিও করতে হয় বেশি দামে। কী করব? হয়তো শনিবারের মধ্যে দাম কমে আসতে পারে।’ তিনি বলেন, পাইকারি বাজার থেকে যে দামে গ্যাস তাঁরা কেনেন, তাতে সিলিন্ডারপ্রতি ৪০ থেকে ৫০ টাকা লাভে বিক্রি করেন।
নগরের বাংলাবাজার এলাকার একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ১০০ সিলিন্ডার চাইলে ডিলাররা দেন ২০টা। বেশি দাম দিয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। ক্রেতারা আমাদের দোষ দেন। প্রতিদিনই দাম নিয়ে বচসা হয়।’
নগরের রূপাতলী এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, ‘শুনেছি সরকার গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়েছে। কিন্তু বাজারে গিয়ে এর প্রভাব দেখতে পাইনি। দোকানিরা নানা অজুহাত দেখান। কিন্তু আমরা তো গ্যাস ছাড়া চলতে পারি না। তাই বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনেছি।’
নগরের খুচরা ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম কমলেও খুচরা পর্যায়ে এর প্রভাব পড়তে তিন-চার দিন সময় লাগে। এটা প্রতিবারই হয়। তবে গ্যাসের দাম বাড়লে এর প্রভাব পড়তে সময় লাগে না। মূহূর্তের মধ্যে দাম বেড়ে যায়। বিভিন্ন কোম্পানির ডিলাররা জানিয়েছেন যে আগামী শনিবার থেকে সরকারের নির্ধারিত দামে ক্রেতা পর্যায়ে গ্যাস মিলতে পারে।
বসুন্ধরা গ্যাসের পরিবেশক স্বাধীন মৃধা বলেন, ‘এক মাস ধরে বসুন্ধরা গ্যাসের সরবরাহ কম। চাহিদার চেয়ে কম পাওয়ায় খুচরা বিক্রেতাদের ঠিকমতো দিতে পারছি না। দু-একটি দোকানে তিন থেকে চারটি গ্যাস দিতে পারছি। এ কারণে আগের দামেই গ্যাস বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। আগামী দুই দিন পর এ সমস্যা আর হবে না।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাফিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এখনো কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের নির্দেশনা পাইনি। তবে বিভাগীয় উপপরিচালক বৃহস্পতিবা (আজ) বরিশালের গ্যাস ব্যবসায়ীদের নিয়ে একটি সভা ডেকেছেন। সেখানে বিষয়টি আলোচনা করা হবে।’