ফেনীতে বিকল ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু
ফেনীতে সড়কের পাশে পড়ে থাকা একটি বিকল ড্রাম ট্রাকের সঙ্গে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের বাসিন্দা এয়ার আহমদ (৭০) ও পরশুরাম উপজেলার মালিপাথর গ্রামের আবদুর রহিম (৪৩)।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় ফেনী থেকে ফুলগাজীর দিকে যাচ্ছিলেন এয়ার আহমদ ও আবদুর রহিম। সড়কের পাশে বিকল অবস্থায় পড়ে থাকা ড্রাম ট্রাকটি দেখতে না পেয়ে তাতে ধাক্কা খেয়ে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসিম বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।