চট্টগ্রামে মেট্রোরেল হবে, কোনো সন্দেহ নেই: ওবায়দুল কাদের

চট্টগ্রামের মেট্রোরেলের প্রাক-সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরুর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামে মেট্রোরেল হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। দেশের আমদানি-রপ্তানির বেশির ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে আরবান ট্রান্সপোর্টেশন মহাপরিকল্পনা প্রণয়ন এবং মেট্রোরেলের প্রাক–সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এই ঘোষণা দেন। চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে ভার্চ্যুয়ালি অংশ নেন মন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রামে মেট্রোরেলের প্রাক–সম্ভাব্যতা যাচাইয়ের কাজের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকের দিনটি চট্টগ্রামের জন্য একটি ঐতিহাসিক দিন। গুরুত্বপূর্ণ দিন। চট্টগ্রামের তরুণ প্রজন্মের স্বপ্নের ‘ড্রিম প্রজেক্ট’ এমআরটি। আজ মেট্রোরেল বা এমআরটির মহাপরিকল্পনা প্রণয়ন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজের সূচনা হচ্ছে। আজকের দিনটি চট্টগ্রামের পরিবহনব্যবস্থার ক্ষেত্রে বহু প্রতীক্ষিত দিন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের কৃতী সন্তান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চট্টগ্রামে মেট্রোরেল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) চট্টগ্রামে মেট্রোরেল করার উদ্যোগ নিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কাজ হবে।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে যাতায়াতব্যবস্থার উন্নয়ন বিদ্যমান সড়কটি জাইকার সহায়তায় চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটনশিল্প বিকাশের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ রোড নির্মাণে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগিরই।

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভৌত কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন ইলেকট্রো-মেকানিক্যাল কাজ চলছে। এ ছাড়া নিরাপত্তামূলক দিক বিবেচনা করে স্ক্যানার স্থাপন করা হবে। আর কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে। এরপর বঙ্গবন্ধু টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করবেন।’

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে প্রাক–সম্ভাব্যতা যাচাইয়ে ৭০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। এতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (কোইকা) দেবে ৫৭ কোটি টাকা। বাকি টাকা দেবে সরকার।

চট্টগ্রামের মেট্রোরেলের প্রাক–সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরুর অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সৌরভ দাশ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য রওশন আরা মান্নান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং গুন প্রমুখ।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রামের জন্য আজ শুভদিন। চট্টগ্রামের মানুষও ভাবেননি চট্টগ্রামে মেট্রোরেল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে নিবেদন করেছি চট্টগ্রামে মেট্রোরেল করার জন্য। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন মেট্রোরেল করার জন্য। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সায় দিয়েছেন।’

পাহাড় কাটার কারণে চট্টগ্রামের নান্দনিকতা নষ্ট হয়েছে বলে আক্ষেপ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, মেট্রোরেল নির্মিত হলে চট্টগ্রামের নান্দনিকতা ফিরবে।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে আগামী বছর আর জলাবদ্ধতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। এতে মেয়রকে আর গালাগালি শুনতে হবে না বলে মন্তব্য করেন তিনি।