একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ এলাকায়, সমাজে দোজখের, নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে ওই তিন পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী রাজনীতিতে ধর্মকে ব্যবহারের সমালোচনা করেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।
রুহুল কবির রিজভী বলেন, ‘একটি দলের হাতে সব এলাকায় বিএনপির নেতা-কর্মী, এমনকি সাধারণ মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। তাঁদের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন জনাব তারেক রহমান। আজ আমরা সেই তাগিদেই এখানে এসেছি।’
ধর্মের নামে রাজনীতি করা দলটির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে। জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ এলাকায়, সমাজে দোজখের, নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। তার প্রমাণ আমরা আজ যেখানে বক্তব্য রাখছি, সেখানে আছে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ধনী নয়। সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কোনোভাবেই ইসলামের আদর্শ হতে পারে না।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘ইসলামের আসল উদ্দেশ্য মানবতার সেবা করা, অসহায় মানুষের সেবা করা, দুঃখী মানুষের সেবা করা। তারা সেই আদর্শ নিয়ে নেই। তারা আছে রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক লাভ তোলার জন্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা বারবার দেখেছি, নানাভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। মুনাফিকি বলে একটা কথা আছে। তারা বারবার জনগণের সাথে প্রতারণা করেছে, মুনাফিকি করেছে।’
বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াতের অতীত রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এরশাদ সরকারের অধীন নির্বাচন না করার অবস্থানে অটল ছিলেন। অথচ আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে এরশাদের অধীন নির্বাচনে অংশ নিয়েছিল। তাঁর ভাষায়, ‘তাহলে আওয়ামী লীগের পক্ষে কারা থাকে? তারাই থাকে।’
বিএনপির সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলে থেকেও বিএনপি জনগণের কাছে গেছে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এর আগে কামরাঙ্গীরচরেও একটি দুস্থ পরিবারের সহযোগিতায় বিএনপি পরিবারের পক্ষ থেকে তাঁরা গিয়েছিলেন।
সোনাপুরের ক্ষতিগ্রস্ত তিন পরিবারের উদ্দেশে রিজভী বলেন, ‘যে ঘর জ্বালিয়ে দিয়েছে, সেই ঘর তৈরি করে সেই চাবিটা ঘরের মালিকের কাছে হস্তান্তর করার জন্য আমরা এখানে এসেছি। যেখানে মানবতা, মানবকল্যাণ, সামাজিক সেবা ও মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের চেষ্টা থাকবে, সেখানেই বিএনপি ও তারেক রহমান থাকবেন।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, ‘আমরা জিয়া পরিবারের’ সদস্যসচিব মোকছেদুল মোমিন, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ প্রমুখ।
দেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে কেউ কঠোর সমালোচনা করলেও এখন কেউ গ্রেপ্তার হচ্ছে না, গুম হচ্ছে না কিংবা কারও লাশ নদী, খাল, ধানখেত বা বাঁশঝাড়ে পড়ে থাকছে না। বিএনপি গণতন্ত্র ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, ‘আমরা জিয়া পরিবারের’ সদস্যসচিব মোকছেদুল মোমিন, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ প্রমুখ।
পরে সন্ধ্যায় রুহুল কবির রিজভী চৌদ্দগ্রাম পৌর বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন।