শর্ষে কাটার ঘটনা: যুবদল নেতাকে বিকেলে গ্রেপ্তার, রাতে সংগঠন থেকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ওরফে ফিদাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ রাতে তাঁর ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি পোস্ট করলে বহিষ্কারের তথ্য জানাজানি হয়। এর আগে কালাই থানা-পুলিশ গতকাল বিকেলে যুবদল নেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, দল থেকে আনোয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। এ ক্ষেত্রে দল ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারের বাসিন্দা কৃষক মোমিন ইসলামের খেত থেকে জোর করে শর্ষে কেটে নেওয়া হয়। এ ঘটনায় যুবদলের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই কৃষক। ওই মামলায় গতকাল বিকেলে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হবে।