হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
মুন্সিগঞ্জ সদর উপজেলায় হাসপাতালের ভেতর এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরীর ভাষ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়িতে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে আসামি করে গতকাল বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
আসামি মুন্সিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের একটি ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ, ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের কয়েক মাস পর তার বাবা মারা যান। গত মঙ্গলবার রাতে মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে হাসপাতালে চলে আসে। রাত ১২টার দিকে সে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিচিতদের সঙ্গে কথা বলছিল। ছাত্রলীগের ওই নেতা ওই দিন তার সঙ্গে হাসপাতাল চত্বরে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে তিনি জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে হাসপাতালের দুই তলায় ওঠার সিঁড়িতে নিয়ে ধর্ষণ করেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি জানতে পারেন। তাৎক্ষণিক মেয়েটির পরিবারকে আইনগত সহায়তা করা হয়। এদিন রাত সাড়ে ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। শুক্রবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
ঘটনার পর থেকেই ছাত্রলীগের ওই নেতাকে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, ‘ধর্ষণ মামলার আসামি মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের অধীনে হতে পারে। আমি তাকে চিনতে পারছি না। যদি ছাত্রলীগের কেউ হয়ে থাকে এবং এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে শহর ছাত্রলীগকে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।’