গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ২৩ জন আটক

অপারেশন ডেভিল হান্টপ্রতীকী ছবি

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ জেলা ও মহানগর থেকে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ১৫ ও জেলা থেকে আটজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের সদর থানায় আটজন, বাসন থানায় একজন, কোনাবাড়ী থানায় একজন, কাশিমপুর থানায় দুজন, গাছা থানায় একজন, পুবাইল থানায় একজন ও গোয়েন্দা পুলিশে একজনসহ মোট ১৫ জনকে আটক করা হয়। অন্যদিকে ৫টি থানা এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে জেলা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন সদর, কাশিমপুর, পুবাইল, গাছা থানা ও ডিবির অভিযানে নতুন করে ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।

জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরও আটজনকে আটক করেছে। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। এ অভিযান অব্যাহত আছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে আবুল কাশেম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা আওয়ামী লীগের একজন কর্মী। ওই দিন থেকেই গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।