নান্দাইলে ডাল কাটা নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই জসীম উদ্দিন (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
জসীম উদ্দিন চণ্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম বাহার উদ্দিন।
নিহত ব্যক্তির ছেলে মো. আজিজুল ইসলাম বলেন, তাঁদের বাড়ির পাশে পারিবারিক সম্পত্তির ওপর একটি পুকুর আছে। আজ দুপুরে তাঁর স্ত্রী ওই পুকুরের পাশের একটি তালগাছের ডাল কাটেন। এ নিয়ে তাঁর বাবা জসীমের সঙ্গে চাচা বাহার উদ্দিনের বাগ্বিতণ্ডা হয়। আজিজুল দাবি করেন, বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাহার উদ্দিন তাঁর বাবাকে পিটিয়ে আহত করে শিমগাছের মাচার নিচে ফেলে রাখেন। পরে গোঙানির আওয়াজ পেয়ে বাড়ির লোকজন তাঁর বাবাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন, জসীম উদ্দিন নামে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে জসীম উদ্দিনের মৃত্যুর পর থেকে অভিযুক্ত বাহার উদ্দিন গা ঢাকা দিয়েছেন। বাহার উদ্দিনের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানা চত্বরে মরদেহের সুরতহাল করছিল পুলিশ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।