ইউএনওর দপ্তর থেকে যুবলীগ নেতার দরপত্র গায়েব, স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে দরপত্র গায়েবের ঘটনা ঘটেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান হাটবাজার ইজারার ২২ লাখ টাকার পে-অর্ডারসহ দরপত্রটি সরিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে প্রশাসনের চাপে পে-অর্ডারসহ অন্য একটি দরপত্র এনে জমা দিলেও হদিস মেলেনি সরিয়ে ফেলা মূল দরপত্রের। জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ্ব শেখ এই দরপত্র জমা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে উপজেলার ২২টি হাটবাজার ইজারায় ১৮৮টি দরপত্র বিক্রি হলেও দাখিল হয়েছে মাত্র ৩১টি। ৯টি হাটবাজার ইজারায় দরপত্র পড়েছে ১টি করে। অভিযোগ উঠেছে, হাটবাজার ইজারার দরপত্র তুললেও ক্ষমতাসীন দলের বাধায় সাধারণ কোনো ইজারাদার দরপত্র ফেলতে পারেননি।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার জামাদারপুকুর হাটের ইজারায় দুজন দরপত্র দাখিল করেন। একজন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলার খড়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান। অন্যজন জেলা যুবলীগের সহসভাপতি ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব শেখ। আলহাজ্ব শেখ অভিযোগ করেন, তিনি শেখ এন্টারপ্রাইজের নামে শাজাহানপুর উপজেলার সাতটি হাটের দরপত্রে অংশ নেন। এর মধ্যে জামাদারপুকুর হাটের ডাক দেন ৪৫ লাখ ৫১ হাজার টাকা। জনতা ব্যাংকের বগুড়ার সপ্তপদী শাখা থেকে ডাকের অনুকুলে ২২ লাখ টাকার পে অর্ডার করেন। এরপর সাতটি হাটের আলাদা সাতটি দরপত্র বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে দাখিল করেন। অন্য সব কটি দরপত্র শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছার পর ইউএনওর সামনেই জামাদারপুকুর হাটের দরপত্র ২২ লাখ টাকার পে–অর্ডারসহ ছিনতাই হয়।
আলহাজ্ব শেখ বলেন, পরে ইউএনওর চাপে পড়ে পে-অর্ডারসহ দরপত্র ফেরত দেওয়া হয়। কিন্ত দরপত্র খুলে দেখা যায়, ২২ লাখ টাকার পে-অর্ডার ঠিক থাকলেও ৪৫ লাখ টাকা দর দেওয়া মূল দরপত্র নেই। সেখানে কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুল হাসান নামে ৪০ লাখ টাকা দর দিয়ে অন্য একটি দরপত্র ফেরত দেওয়া হয়েছে। দাখিল করা পে–অর্ডার ঠিকঠাক থাকলেও কৌশলে শুধু দরপত্র সরিয়ে ফেলা হয়েছে।
জানতে চাইলে শাজাহানপুরের ইউএনও সাঈদা খানম প্রথম আলোকে বলেন, মাঝিড়া ইউনিয়ন পরিষদের মো. নুরুজ্জামান উপজেলা হাটবাজার ইজারা কমিটির সদস্য। সেই কারণে গতকাল বিকেলে দরপত্র দাখিলের সময় তিনি ইউএনও কার্যালয়ে উপস্থিত ছিলেন। জামাদারপুকুর হাট ডাকে দুজন দরপত্র দাখিল করেন। এর মধ্যে একটি দরপত্র অজ্ঞাতসারে চুরি করে বাইরে নেন। বিষয়টি জানার পর দরপত্র ফেরতের জন্য ওই ইউপি চেয়ারম্যানকে চাপ দেওয়া হয়। পরে তিনি একটি দরপত্র ফেরতও দিয়ে যান। তবে যে দরপত্র সরিয়ে ফেলা হয়েছে, ফেরত দেওয়া দরপত্র সেটি নয় বলে অভিযোগ এসেছে। ঝামেলা হওয়ায় ওই হাটে পুনঃদরপত্র আহ্বান করার চিন্তা ভাবনা চলছে।
অবশ্য যুবলীগের নেতা আলহাজ্ব শেখ বলেন, ‘২২ লাখ টাকার পে–অর্ডারের ব্যাংকে রেকর্ড আছে। সেই পে–অর্ডার আমার হলেও তা অন্যজনের দরপত্রের সঙ্গে জমা দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা আমি। হাট আমাকেই দিতে হবে। পুনঃদরপত্র আহ্বান করা হলে আমার সঙ্গে অন্যায় করা হবে।’
জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বলেন, একজন ইজারাদার খামে নাম লেখেননি জানিয়ে তাঁর দরপত্র এক মিনিটের জন্য চান। তিনি সরল বিশ্বাসে খামটি ওই ইজারাদারের হাতে দেন। কিন্ত তিনি দরপত্র বাইরে নিয়ে সটকে পড়েন। পরে অনেক চাপ দেওয়ার পর দরপত্র ফেরত দিয়েছেন। এখন তিনি দরপত্র পাল্টে অন্য দরপত্রের সঙ্গে পে-অর্ডার জমা দিয়েছেন কি না, সেটা জানা নেই।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ২২টি হাটের অনুকুলে ইউএনওর কার্যালয় থেকে ১৬টি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ৩টি, শাজাহানপুর থানা থেকে ৭টি, জেলা প্রশাসক কার্যালয় থেকে ৬০টি এবং সোনালী ব্যাংক লি., বগুড়া সেনানিবাস শাখা থেকে ২টিসহ মোট ১৮৮টি দরপত্র বিক্রি হয়। তবে জমা পড়েছে মাত্র ২৯টি। এর মধ্যে দাড়িগাছা, বীরগ্রাম, কামারপাড়া, খড়না, দুবলাগাড়ি, নয়মাইল, ডোমনপুকুর এবং টেংগামাগুর হাটে একটি করে দরপত্র দাখিল হয়েছে।
ইউএনও সাঈদা খানম বলেন, ১৮৮টি দরপত্র বিক্রি হলেও ২২টি হাটের অনুকুলে ২৯টি দরপত্র দাখিল হয়েছে। ৯টি হাটের ১টি করে দরপত্র পড়েছে। ডাক সন্তোষজনক হওয়ায় একক ডাক হলেও ইজারা দিতে আইনগত কোনো বাধা নেই।