বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা তোলার ছবি ফেসবুকে
১৯ মাস বন্ধ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ সোমবার সকালে পতাকা উত্তোলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুরেই পুলিশের নির্দেশে স্থানীয় জনতা কার্যালয় থেকে পতাকা নামিয়ে ফেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়ে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও এই ছবি পোস্ট ও শেয়ার করেন।
বেলা একটার দিকে শাজাহানপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আর জাতীয় পতাকা দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের সাংগঠনিক কার্যক্রমও পরিচালিত হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর উপজেলা আওয়ামী লীগের তালাবদ্ধ দলীয় কার্যালয়টি কার্যত পরিত্যক্ত ছিল।
শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক (শাহিন) প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে বলে ফেসবুকের মাধ্যমে জেনেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধের দায় প্রশাসনের।’
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে কে বা কারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। দুপুরে স্থানীয় লোকজন পতাকা নামিয়ে ফেলেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।