মাগুরায় ‘বাঘ আতঙ্ক’ ছড়ানো এলাকা থেকে মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার

মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করেছে এলাকার লোকজন। ২৩ জুন, জগদল, মাগুরা সদরছবি: প্রথম আলো

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এবার দুটি মেছো বিড়ালের শাবক উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার দুপুরে এলাকার একটি ছোট জঙ্গল থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। শাবক দুটিকে একটি খাঁচায় নিরাপদে রাখা হয়েছে।

এর আগে গত শনিবার ওই এলাকায় একটি বন্য প্রাণীকে ঘিরে আতঙ্ক তৈরি হয়। সেদিন রাতে গ্রামের একটি পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে বাঘের মতো প্রাণীটিকে দেখা যাওয়ার পর থেকেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রাণীটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বন বিভাগ থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়। বন বিভাগ থেকে জানানো হয়, প্রাণীটি একটি মেছো বিড়াল।

আরও পড়ুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকেই স্থানীয় যুবকেরা প্রাণীটির সম্ভাব্য আশ্রয়স্থল বিভিন্ন ঝোপঝাড় ও জঙ্গল এলাকায় খোঁজাখুঁজি করে যাচ্ছিলেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার মাগুরা-জগদল সড়কের পাশে একটি ছোট জঙ্গল থেকে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক মো. ইসরাফিল বলেন, ‘শনিবার রাতে বাঘ দেখার পর থেকেই আমরা আতঙ্কে ছিলাম। বন বিভাগ আমাদের আশ্বস্ত করলেও আমরা নিজেরা খোঁজ চালিয়ে যাই। অবশেষে একটি জঙ্গল থেকে দুটি মেছো বাঘের বাচ্চা পাই। বন বিভাগের পরামর্শ অনুযায়ী সেগুলো নিরাপদে রেখেছি। তারা এসে শাবক দুটি উদ্ধার করে নিয়ে যাবে বলেছে।’

এ বিষয়ে মাগুরা বন বিভাগের কর্মকর্তা তপেন্দ্রনাথ ঠাকুর আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শাবক দুটি নিরাপদে সংরক্ষণ করার জন্য স্থানীয়দের বলা হয়েছে। বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে যাবে। উদ্ধার শেষে শাবকগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।