ঝালকাঠিতে পানিতে ডুবে নাতির মৃত্যুর শোকে খালে ঝাঁপ দেওয়া দাদির লাশ উদ্ধার
ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে নাতির মৃত্যুর শোকে খালে ঝাঁপ দেওয়া দাদি পুষ্প রানীর (৬০) লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম ছিটকি স্কুল অ্যান্ড কলেজের সামনের খাল থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনের খালের পানিতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন।
পুষ্প রানী উপজেলার সাতানী বাজারসংলগ্ন পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য পরিতোষ মিস্ত্রির স্ত্রী।
গত শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রির চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ (১১)। খালের পানিতে ডুবে নাতির মৃত্যুর ঘটনার দুই দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন দাদি পুষ্প রানী। নিখোঁজের পর তাঁর স্বজন ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করে তাঁকে পাননি। মঙ্গলবার সকাল থেকে কাঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরি দল তাঁকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম ছিটকি স্কুল অ্যান্ড কলেজের সামনের খাল থেকে ভাসমান অবস্থায় পুষ্প রানীর লাশ উদ্ধার করা হয়।
পরিতোষ মিস্ত্রি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দেবরাজ। একদিন পর শনিবার খাল থেকে দেবরাজের লাশ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানসিকভাবে ভেঙে পড়েন দাদি। পরে সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদি পুষ্প রানী একই স্থান থেকে ঝাঁপ দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। আজ বুধবার সকালে এলাকাবাসীর সহায়তায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।’