সাইকেলে বাংলাদেশে আসা নেপালি পর্যটককে হেনস্তার অভিযোগ

সাইকেলে ভ্রমণে আসা নেপালি পর্যটকের সঙ্গে তর্কে জড়ান অটরিকশা চালকছবি: ভিডিও থেকে নেওয়া

মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসে চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন এক নেপালি তরুণ। গত শুক্রবার বিকেলে ওই তরুণ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ৩ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। শেয়ার করার পরপরই তা ছড়িয়ে পড়ে। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানান।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি গত বৃহস্পতিবারের। খবর নিয়ে জানা গেছে, নেপালি ওই পর্যটকের নাম বিশ্বাস রায় (২৫)। তিনি নেপালের ইলাম জেলার বাসিন্দা। গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, সাতকানিয়ার কেরানীহাটে গরুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের সঙ্গে ওই পর্যটকের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সড়কে ট্রাফিক আইন মানা নিয়ে দুজন তর্কে জড়ান।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সম্ভবত হর্ন দেওয়া নিয়ে বিদেশি তরুণের সঙ্গে তর্কে জড়ান অটোরিকশাচালক। অটোরিকশাচালকের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।