নোয়াখালী–৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন
আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন জেলা আওয়ামী লীগের নেতা শিহাব উদ্দিন শাহিন। আজ শনিবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে এ কথা জানান। এ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। তিন মেয়াদ ধরে তিনি সংসদ সদস্য রয়েছেন।
শিহাব উদ্দিন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও নোয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক স্পিকার আবদুল মালেকের ভাতিজা ও জেলা জজ আদালতের আইনজীবী।
সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রতি ইঙ্গিত করে তাঁর তিন মেয়াদকালের বিভিন্ন অনিয়মের কথা মতবিনিময় সভায় তুলে ধরেন শিহাব উদ্দিন। তিনি বলেন, অনিয়ম দূর করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইবেন। নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকরি–বাণিজ্য ও অনুপ্রবেশকারীদের আশ্রয়–প্রশ্রয়দাতা বহিরাগত ব্যক্তিকে বাদ দিয়ে সদর ও সুবর্ণচরের স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া। তাঁদের অনুরোধ ও অনুপ্রেরণায় তিনি দলের কাছে মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শিহাব উদ্দিন বলেন, এ আসনে ১৪ বছর ধরে যিনি সংসদ সদস্য হিসেবে এই এলাকার প্রতিনিধিত্ব করছেন, তাঁকে মাত্র ২ দিন সংসদে এ এলাকা নিয়ে কথা বলতে শোনা গেছে। তা–ও সেই বক্তব্যগুলো ছিল ভুল তথ্যে ভরা। দল তাঁকে মনোনয়ন দিলে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়ার পাশাপাশি অতীতের সব রেকর্ড ভেঙে নৌকাকে বিজয়ী করতে পারবেন। সেই সঙ্গে সংসদে গিয়ে এই এলাকার সামগ্রিক উন্নয়নে কথা বলবেন। তাঁর মাধ্যমে দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।
শিহাব উদ্দিন বলেন, ‘আমি আমার মাতৃতুল্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নোয়াখালীর ঠিকানা আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে অতীতের সব রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোনো কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করব।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য আজ সন্ধ্যায় একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, সাবেক সহসভাপতি জাকিউল ইসলাম, সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কাদিরহানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একরামুল করিম চৌধুরীর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলায়। তিনি ২০০১ সালে নোয়াখালী-৫ আসনে (কবিরহাট ও কোম্পানীগঞ্জ) আসনে ওবায়দুল কাদেরের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। এ কারণে বিএনপি নেতা মওদুদ আহমদের কাছে হেরে যান ওবায়দুল কাদের। পরে ২০০৪ সালে একরামুল করিম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি নোয়াখালী-৪ আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পান। একই সময় তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদেও ছিলেন টানা ১৭ বছর। ২০১৯ সালের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও পরবর্তী সময় কমিটি গঠনে নানা অনিয়মের কারণে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারান একরামুল করিম।