সড়ক বিভাজকে ধাক্কার পর উল্টে গেল ট্রাক, মোটরসাইকেল আরোহী নিহত
দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সড়ক বিভাজকে। এরপর ট্রাকটি উল্টে পড়ে পাশে থাকা একটি লেগুনা ও একটি মোটরসাইকেলের ওপর। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের এক আরোহী। আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. আক্তার হোসেন। তিনি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। এলাকায় একটি রেস্তোরাঁ রয়েছে তাঁর।
দুর্ঘটনাকবলিত লেগুনার চালক নুরুল মোস্তফা প্রথম আলোকে বলেন, সকালে সড়কের একপাশে দাঁড়িয়ে গাড়িতে যাত্রী নিচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন লেগুনার পাশে আসেন। জানতে চান বাজার থেকে কেনা তাঁর কিছু পণ্য রেস্তোরাঁয় নিয়ে যেতে কত টাকা ভাড়া দিতে হবে। ভাড়া নিয়ে দরদাম করার সময় কয়লাবোঝাই ট্রাকটি পাশের সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপর উল্টে লেগুনা ও মোটরসাইকেলের ওপর পড়ে। নুরুল মোস্তফা বলেন, ‘ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা আক্তার হোসেন ঘটনাস্থলে মারা যান। আমার লেগুনা ক্ষতিগ্রস্ত হলেও আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।’
জানতে চাইলে ঘটনাস্থলে থাকা কুমিরা হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ স্বজনেরা নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ‘ধারণা করছি, চালক ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’