কেনা হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১৬ শতাংশ ধান

চাল কেনা হয়েছে ২৪ হাজার ৫০৪ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ। ৩১ আগস্ট শেষ হয় কার্যক্রম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এবার ৯ লাখ ৯৮ হাজার ৫৮১ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৭২৮ মেট্রিক টন। অর্থাৎ মোট উৎপাদনের ১ দশমিক ৯৮ শতাংশ ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে জেলায় ধান কেনা হয়েছে ৩ হাজার ১২৪ দশমিক ৬৪০ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৬ শতাংশ।

এদিকে জেলায় চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৭ হাজার ৩৩৪ মেট্রিক টন। চাল কেনা হয়েছে ২৪ হাজার ৫০৪ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ।

সরকারিভাবে গত ২৮ এপ্রিল থেকে ধান এবং ১২ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে গত ৩১ আগস্ট শেষ হয়।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলার আটটি উপজেলার মধ্যে সদর, চৌগাছা, ঝিকরগাছা, শার্শা ও কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে এবং অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনা হয়েছে। এই সময়ে জেলার হাটবাজারে মোটা ধান ৯৯০ থেকে ১ হাজার ৫০ টাকা এবং চিকন ধান ১ হাজার ১৮০ থেকে ১ হাজার ২৫০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। গুদামে ধানের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৮০ টাকা মণ। গুদামে ধান বিক্রি করা বেশ ঝামেলার। তা ছাড়া ধানের বাজার দর এবং সরকার নির্ধারিত দাম প্রায় কাছাকাছি। চিকন ধানের দাম বেশি। গুদামে ধান পৌঁছে দিতে কৃষকের পরিবহন খরচ বেশি পড়ে, শ্রমও ব্যয় হয় বেশি। এ জন্য কৃষকেরা গুদামে ধান বিক্রি করতে চাননি।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, চাল ৪০ টাকা এবং ধান ২৭ টাকা কেজি দরে কেনা হয়েছে। ১৪ শতাংশের নিচের আর্দ্রতার ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেন। ধান কেনার পর গুদাম থেকে কৃষককে ওজন মান মজুত সনদ দেওয়া হয়। কৃষক ওই সনদ ব্যাংকে তাঁর নিজস্ব ১০ টাকার হিসাবে জমা দিয়ে তাঁর হিসাব থেকে চেক দিয়ে ধান বিক্রির টাকা তোলেন। জেলায় ৩ হাজার ১২৪ দশমিক ৬৪০ মেট্রিক টন ধান কেনা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ১৫ দশমিক ৮৩ শতাংশ। চাল সরবরাহের জন্য ২৫৭ জন চালকলের মালিক চুক্তিবদ্ধ হয়েছিলেন। চাল কেনা হয়েছে ২৪ হাজার ৫০৪ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার ৮৯ দশমিক ৬৫ শতাংশ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু বলেন, সরকারিভাবে ধান ও চালের যে দাম নির্ধারণ করা হয়েছিল, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি দামে ধান ও চাল বেচাকেনা হয়েছে। তা ছাড়া খাদ্যগুদামগুলো উপজেলা সদরে হওয়ায় ধান পরিবহনে কৃষকের ব্যয় বাড়ে। শ্রম ও সময় বেশি লাগে। সে জন্য কৃষক স্থানীয় বাজারে ধান বিক্রি করছেন।