সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেটের তামা‌বিল স্থলবন্দর দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পা‌ঠিয়েছে ভারত। আজ শুক্রবার বিকেলে।ছবি: প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামা‌বিল স্থলবন্দর দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত প‌ঠিয়েছে ভারত। তাঁরা বি‌ভিন্ন সময় অবৈধভাবে অনুপ্রবেশের পর সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর কাছে আটক হয়ে‌ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তামাবিল স্থলবন্দরে বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পু‌লিশের উপ‌স্থি‌তিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরত আসা ২২ বাংলাদেশি বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করে‌ছিলেন। পরে তাঁদের বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে। তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে বি‌ভিন্ন মেয়াদে কারাভোগ করেন। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করে। তাঁরা সিলেট, নেত্রকোনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, যশোর ও জামালপুরের বাসিন্দা।

সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) শামীম মিয়া জানান, ওই ২২ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।