দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জহিরের দেশে ফেরা হলো না
দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বাংলাদেশি যুবক জহির উদ্দিন (৩৮)। এবার ঈদের পর ছুটিতে দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে এসে বিয়ে করার কথা ছিল। পরিবারের সদস্যরা একরকম প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। কিন্তু গত মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার ওয়েলকম শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জহির উদ্দিন। একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর বাড়িতে এখন চলছে শোকের মাতম।
জহির উদ্দিন ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকার ফরিদ মোল্লার ছেলে। প্রায় দুই দশক আগে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির। তিনি ১২ বছরের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। দেশে জহিরের মা–বাবা ও এক বোন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ১৯ বছর আগে পরিবারের হাল ধরতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির। তিনি ওয়েলকম শহরে নিজের দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা করতেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে হঠাৎ সন্ত্রাসীরা তাঁর দোকানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে তাঁকে হত্যা করে। গত বুধবার সকালে (বাংলাদেশ সময়) পরিচিত প্রবাসী বাংলাদেশিরা জহিরের বাবাকে ফোন করে মৃত্যুর বিষয়টি জানান। এর পর থেকে তাঁর পরিবারে চলেছ শোকের মাতম।
জহিরের পরিবার জানায়, এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জহিরের লাশ সেখানকার একটি মর্গে রাখা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে পাঠানো হবে।
জহির উদ্দিনের বাবা ফরিদ মোল্লা ও মা আছিয়া খাতুন জানান, তাঁদের একটাই ছেলে ছিল। প্রায় দুই দশক আগে পরিবারের হাল ধরতে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান জহির। প্রায় ১০ বছর আগে ছুটিতে একবার দেশে এসেছিলেন জহির। ব্যবসাপ্রতিষ্ঠান গুছিয়ে এবার ঈদের পর তাঁর দেশে আসার কথা ছিল। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারও তাঁর বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ জহিরের মা–বাবা। তাঁরা ছেলের লাশ রাষ্ট্রীয়ভাবে দেশের মাটিতে আনার অনুরোধ জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসী নিহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন।