দেখতে ফুলের মতো, আসলে ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদাল গাছের ডালজুড়ে লাল রঙের ফল। মৌলভীবাজার শহরের সৈয়ারপুরে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার একটি বাড়ির দেয়ালের পাশে দেখা মেলে একটি অন্য রকম গাছের। সেই গাছে ফুলের মতো দেখতে লাল লাল থোকা। আছে সবুজ রঙের থোকাও। দূর থেকে থোকাগুলোকে ফুলের পাপড়ির মতো লাগে, তবে সেগুলো ফুলের পাপড়ির মতো নরম নয়। পরে জানা গেল, ওগুলো আসলে ফুল নয়, উদাল ফলের গাছ।

উদালের ডালে ডালে ফুলের বন্যা চলছে। মনে হয় ডালকে আঁকড়ে কমলা-হলুদে তৈলচিত্রের মতো স্থির কোনো ছবি এঁকেছেন কেউ। ওই ছবি প্রকৃতির আপন খেয়ালে তৈরি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছবিটি ওখানে মানুষের মন রাঙাবে, তারপর কোনো একসময় হারিয়ে যায় এই ফুলদল। তখন ওখানে ধরবে সবুজ রঙের ফল, একসময় পেকে লাল হয়ে ওঠবে তারা।

শীতের শেষে সৈয়ারপুর এলাকার গাছটিতে সবার অলক্ষে কমলা-হলুদ রঙের ফুলের প্লাবন আসে, শীত ফুরিয়ে গেলে আসে ফল। এবারও সে রকমই হয়েছে। ফুল ঝরে গেছে। এখন ডালে ডালে থোকা থোকা ফল ধরেছে। ফুলের পাপড়ি মেলে ধরার মতো লাল রঙের ফল ঝুলে আছে। কিছু ফল পরিপক্ব হয়ে খয়েরি হয়ে গেছে। ফলের খয়েরি খোসা এবং বীজ ছড়িয়ে পড়ছে মাটিতে।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক মোকারম হোসেন বলেছেন, এখন তো উদালের ফুল শেষ হয়ে ফল ঝুলছে। উদাল ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ উদ্যান, মিরপুর বোটানিক গার্ডেন, বাংলা একাডেমিসহ সিলেট ও পার্বত্য চট্টগ্রামে দেখা যায়। শহুরে উদ্যানগুলোয় খুব বেশি উদাল নেই, মাত্র হাতে গোনা দুই–একটি আছে। সে কারণেই উদালের সঙ্গে সাধারণ নাগরিকের খুব একটা চেনা–জানা হয় না। তা ছাড়া উদালের প্রিয় আবাসভূমি হচ্ছে পাহাড়ি এলাকা। গাছ লম্বায় ২০ মিটারের মতো হতে পারে। উদালের বংশবৃদ্ধির সহজ উপায় হচ্ছে বীজ। Sterculiaceae villosa উদালের বৈজ্ঞানিক নাম।