জামালপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা। শুক্রবার বিকেলে শহরের শহীদ হারুন সড়কে
ছবি: প্রথম আলো

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জামালপুরের সাংবাদিকেরা। একই সঙ্গে প্রতিবাদ সভা থেকে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন সাংবাদিকেরা।

শুক্রবার বিকেল চারটার দিকে শহরের শহীদ হারুন সড়ক এলাকায় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টালের সাংবাদিকেরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কমিটি সভাপতি ও বাংলার চিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও নিউজ এজেন্সি পিবিএর জামালপুর প্রতিনিধি রাজন্য রুহানি।

সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা বাবুল, জ্যেষ্ঠ সাংবাদিক মুখলেছুর রহমান, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আবদুল আজিজ, দেশ রূপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, নয়া দিগন্তের মেজবাহ উদ্দিন, আজকের পত্রিকার মেলান্দহ প্রতিনিধি রকিব হাসান, বণিক বার্তার সাংবাদিক আরিফুজ্জামান আকন্দ, বাংলা ট্রিবিউনের সাংবাদিক বিশ্বজিৎ দেব, ঢাকা টাইমসের ইমরান মাহমুদ, ভোরের কাগজের মেলান্দহ প্রতিনিধি শাকিব আল হাসান, ডেইলি বাংলাদেশের সাংবাদিক দেলোয়ার হোসেন, লাইভ নিউজ ২৪ বিডি ডটকমের সাংবাদিক মাহমুদুল হাসান, বাণিজ্য প্রতিদিনের সাংবাদিক মাসুদ রানা, আজকের পত্রিকার ইসলামপুর প্রতিনিধি এমকে দোলন বিশ্বাস প্রমুখ।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সভায় অংশ নেওয়া সাংবাদিকেরা।
সভায় মোস্তফা বাবুল বলেন, মধ্য রাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিককে গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থী এবং সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন। এ সময় অন্য বক্তারা বলেন, প্রথম আলোসহ সাংবাদিকদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা না করে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা শুধু মুক্ত সাংবাদিকতার অন্তরায় নয়, গণতন্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি করা হয়।