মোংলায় মুদিদোকানের গুদামে মিলল টিসিবির ডাল-তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোংলায় মুদিদোকানের গুদাম থেকে জব্দ করা টিসিবির পণ্য। শুক্রবার বিকেলে মোংলা বাজারে
ছবি: প্রথম আলো

বাগেরহাটের মোংলা উপজেলার একটি মুদিদোকানের গুদাম থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪০ বস্তা মসুরির ডাল ও ১১০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে পৌর শহরের আ. সামাদ সড়কের জালাল স্টোরের গুদাম থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

টিসিবির স্থানীয় পরিবেশক মো. খোকন গোপনে ওই দোকানের মালিক মো. মনিরের কাছে পণ্যগুলো বিক্রি করেছেন বলে অভিযোগ করেন বাজারের অন্য ব্যবসায়ীরা। তবে দোকানের মালিক মনিরের ভাষ্য, তিনি পণ্যগুলো কেনেননি। ডিলার খোকন স্বল্প সময়ের জন্য পণ্যগুলো তাঁর গুদামে রেখেছিলেন।

পরিবেশক খোকনও বলেন, পৌরসভার গুদামে জায়গার সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মনিরের দোকানের গুদামে তিনি পণ্যগুলো রাখেন। তিনি সেগুলো বিক্রি করেননি।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, পরিবেশক খোকন গোপনে সরকারি অনেক পণ্য বিক্রি করে থাকেন। এর প্রমাণ আজকের ঘটনা। তারা বলেন, টিসিবির পণ্য স্বল্পমূল্যে বিতরণ করার কথা। কিন্তু বাজারে দোকানের গুদামে এ পণ্য পাওয়ার বিষয়টি রহস্যজনক।

জব্দ করা পণ্যগুলো মোংলা পৌরসভার গুদামে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে মোংলা বাজারে
ছবি: প্রথম আলো

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার প্রথম আলোকে বলেন, দোকানের গুদামে সরকারি কোনো পণ্য রাখার নিয়ম নেই। পৌরসভার নির্ধারিত গুদামে রাখতে হবে। তাঁকে না জানিয়ে অন্য আরেকটি দোকানের গুদামে সরকারি পণ্য রেখে তিনি (পরিবেশক) অপরাধ করেছেন। এ বিষয়ে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।