রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ
রাজশাহীতে বিএনপির এক নেতার বাড়িতে নিজ দলের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের মারধরের পর পেট্রল ঢেলে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আগুনে বাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী বিএনপি নেতার নাম রুহুল আমিন (বাবলু)। তাঁর বাড়ি নগরের বাকির মোড় এলাকায়। তিনি নগরের রাজপাড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মহানগর যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে রুহুল আমিন অভিযোগ করেছেন।
আজ শুক্রবার বিকেলে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন রুহুল আমিন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। মামলা, হামলায় জর্জরিত হয়েছেন। আওয়ামী লীগ ও পুলিশের অত্যাচার-নির্যাতনে তিনি রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। বর্তমান এই সময়ে এসেও তাঁর বাড়িতে হামলা হলো। তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে মেরে ফেলার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করছেন।
রুহুল আমিন জানান, কিছুদিন আগে রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়। এতে ‘আওয়ামী লীগের কিছু এজেন্ট’ স্থান পান। তাঁদের বিষয়ে প্রতিবাদ করায় বিএনপির কিছু পদধারী নেতা ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর বাসায় অতর্কিত হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, লাঠি ও পাইপ নিয়ে আসেন। তাঁর পরিবারের সবাইকে পিটিয়ে আহত করেন। লুটপাট চালান এবং এরপর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেন।
হামলাকারীরা বাড়ির এসি, মোটরসাইকেল ও বাড়ির সব আসবাব পুড়িয়ে দিয়েছেন। হামলার সময় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা চারটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান।
এ ঘটনায় রুহুল আমিন রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আসামি হিসেবে রাজপাড়া থানা বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মুরাদ পারভেজ পিন্টু, যুগ্ম আহ্বায়ক শাহিন, তুহিন, নাঈম, খিচ্চুসহ মোট সাতজনের নাম উল্লেখ করছেন। তিনি তাঁদের গ্রেপ্তারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানা বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম বলেন, ‘রুহুল আমিনের সঙ্গে আমার দলীয় দ্বন্দ্ব আছে। কিন্তু তাঁর বাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে আমি কিছুই জানি না। শুনতে পাচ্ছি যে তাঁর বাড়ির কাছের ছেলেপিলেই এ ঘটনা ঘটিয়েছে। আমার বাড়ি তো দূরে। এখন কিছু না করেও আমার নাম চলে আসছে। আমার আর কিচ্ছু বলার নাই।’
রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ঘটনা সত্য, তিনি শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে যাননি; কারণ তাঁর কমিটির কয়েকজন নেতার নামেই অভিযোগ আসছে। এখন তদন্তে যেটা পাওয়া যায়, সেটাই মেনে নিতে হবে। তিনি চান না, তাঁর দলের একজন নেতার বাড়িতে এভাবে হামলা হোক, তাঁরা ক্ষতিগ্রস্ত হোক।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ঘটনা সত্য। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে তিনি নামাজ পড়তে যাওয়ার সময় ভুক্তভোগী একটা অভিযোগ দিয়ে গেছেন। মামলা রেকর্ড না হওয়ার ব্যাপারে ওসি বলেন, তাঁরা (ভুক্তভোগী) পরে ফোন করে সেকেন্ড অফিসারকে বলেছেন এই এজাহারটা রেকর্ড না করার জন্য। তাঁরা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে একটি সংশোধিত এজাহার দাখিল করবেন বলে জানিয়েছেন।