ফুটপাতে পড়ে থাকা ব্যাগে দুটি ককটেলসদৃশ বস্তু, উদ্ধার করল পুলিশ
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাত থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ফুটপাতের এক ফল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় সদর থানার পুলিশ। পরে উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। সেগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন বলেন, আজ সকালে ফুটপাতে ফলের দোকান খুলছিলেন তিনি। এ সময় সেখানে একটি ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানান।
উদ্ধার বস্তু দুটি থানায় নেওয়া হয়েছে বলে জানান এসআই সুশান্ত কর্মকার। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানালেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।